February 16, 2026
Monday, February 16th, 2026, 6:39 pm

হাইকোর্টের রায় স্থগিত, রমজান মাসেও খোলা থাকছে স্কুল

 

পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ–এর চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন।

এর ফলে রোজার মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না। নিয়মিত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

এর আগে রোববার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসান–এর বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

উল্লেখ্য, মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে—অর্থাৎ রমজান শুরুর আগেই—ছুটি শুরু হলেও স্কুলগুলোতে ১৫ রমজান (৭ মার্চ) পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে অনেক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেন।

এর আগে গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।