ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এই শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। জানা গেছে, নতুন মন্ত্রিসভার আকার হতে পারে প্রায় ৫০ সদস্যের। মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠানে আনা-নেওয়ার জন্য ৪৯টি গাড়ির ব্যবস্থা করেছে। সম্ভাব্য তালিকা অনুযায়ী ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। ইতোমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের ফোন করে আমন্ত্রণ জানানো শুরু হয়েছে।
নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এছাড়া ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন ও ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) মন্ত্রিসভায় থাকছেন বলে জানা গেছে।
পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসন থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।
সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র এবং এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য এহসানুল হক মিলন মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন। তার একান্ত সচিব এম এ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।
সিলেট-1 (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তিনিও এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি।
কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ড
২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যাঁরা
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি