বাংলাদেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে এবং কোন রাতে সেহরি খেতে হবে—এ সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বুধবার। ওই দিন সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার বায়তুল মোকাররম-এ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাঁদ দেখা গেলে কী হবে?
হিসাব অনুযায়ী, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হবে। সে ক্ষেত্রে মুসল্লিরা বুধবার রাতে তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা রাখবেন।
চাঁদ দেখা না গেলে কী হবে?
আর যদি বুধবার চাঁদ দেখা না যায়, তাহলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে। তখন বৃহস্পতিবার রাতে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং শেষ রাতে সেহরি খেয়ে শুক্রবার প্রথম রোজা পালন করা হবে।
চাঁদ দেখার তথ্য যেভাবে জানাবেন
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন—
- ০২-৪১০৫৩২৯৪
- ০২-২২৬৬৪০৫১০
- ০২-২২৩৩৮৩৩৯৭
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি জানানো যাবে।
রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করবে, প্রত্যাশা রাষ্ট্রদূতের
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্ক, দেশে ফিরে ব্যাখ্যা দিলেন জ্যোতির্ময়ী
২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০: স্বাস্থ্য অধিদপ্তর