বাংলাদেশের একাদশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন, ভারত ও জাপানের সরকারপ্রধানরা। নতুন সরকারের সঙ্গে কৌশলগত ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আগ্রহের কথা জানিয়ে পৃথক বার্তা পাঠিয়েছেন তারা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মঙ্গলবার পাঠানো অভিনন্দন বার্তায় বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সহযোগিতা করেছে। বেইজিং নতুন সরকারকে সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদার’ হিসেবে উল্লেখ করে লি কিয়াং বলেন, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এগিয়ে নিতে এবং Belt and Road Initiative (বিআরআই) সহযোগিতা বাড়াতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করতে আগ্রহী। এর মাধ্যমে চীন-বাংলাদেশ অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
২০১৩ সালে চালু হওয়া বিআরআই—যা ‘নিউ সিল্ক রুট’ নামেও পরিচিত—বিশ্বের অন্যতম বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ। পূর্ব এশিয়া ও ইউরোপকে ভৌত অবকাঠামোর মাধ্যমে যুক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ প্রকল্প আফ্রিকা, ওশেনিয়া ও লাতিন আমেরিকাতেও বিস্তৃত হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি অভিনন্দন বার্তায় বলেন, দুই দেশের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে তিনি তারেক রহমানের সঙ্গে কাজ করবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক খাতে অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দুটি দেশ একে অপরের টেকসই উন্নয়নে অনুঘটক হতে পারে এবং পারস্পরিক নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে একসঙ্গে কাজ করতে পারে। সুবিধাজনক সময়ে স্ত্রী ও মেয়েসহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণও জানান নরেন্দ্র মোদি।
এনএনবাংলা/

আরও পড়ুন
আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ
মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ‘ইঞ্জিনিয়ারিং’ এর প্রমাণ: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ