পৃষ্ঠপোষকতার অর্থনীতি আর চলতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে সেসব প্রতিষ্ঠানের পুনরুদ্ধার পরিকল্পনা নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। তার ভাষ্য, এসব মৌলিক উপাদান অনুপস্থিত থাকলে বড় কোনো কর্মসূচিও কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে সবার জন্য উন্মুক্ত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেক নাগরিক অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে তিনি জানান, অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে অর্থনীতি ‘ওভার রেগুলেটেড’ হয়ে পড়েছে।
অর্থমন্ত্রী বলেন, পরিস্থিতি বদলাতে হলে কার্যকরভাবে ডিরেগুলেশন করতে হবে। লিবারালাইজেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ শিথিল করে সমান সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে অর্থনীতিতে অংশগ্রহণ ও লাভের বণ্টনে সবার সমান অধিকার নিশ্চিত হয়।
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রী
দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও ভঙ্গুরতা এখনো কাটেনি: গভর্নর