প্রধানমন্ত্রী তারেক রহমান–এর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ পদে বহাল থাকবেন। সচিব পদমর্যাদায় তাঁর মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা। নিয়োগের অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ও তারেক রহমানের প্রেস সচিব ছিলেন সালেহ শিবলী। চার দলীয় জোট সরকারের আমলে তিনি কলকাতা উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে শিবলীর। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই–এ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (পিএস-২) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া অতিরিক্ত প্রেস সচিব পদে আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি এ সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
রমজানে স্বাস্থ্য সচেতনতা: ওজন বৃদ্ধি ও বদহজম এড়ানোর উপায়
রমজানে ব্যাংক লেনদেন বিকেল আড়াইটা পর্যন্ত
তারকাদের নিয়ে চ্যানেল 24 -এ মাসব্যাপী ‘আকিজ এসেনসিয়াল ঘরোয়া ইফতার’