বাংলাদেশের নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সরকারপ্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ার স্টারমারের পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করে। এর আগে ১৭ ফেব্রুয়ারি পাঠানো আনুষ্ঠানিক বার্তায় তিনি বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।
বার্তায় বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নতুন নেতৃত্বে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করা হয়।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
চিঠিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করা হয় এবং এ বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। দুই দেশের অংশীদারত্বের নতুন অধ্যায় শুরু হবে বলেও বার্তায় আশাবাদ ব্যক্ত করা হয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ঈদ আনন্দে প্রজন্মের মেলবন্ধন, এক ফ্রেমে জাহিদ-মিমি
রোজায় কীভাবে ডায়েট মেনে চলবেন