February 20, 2026
Friday, February 20th, 2026, 2:17 am

ঈদ আনন্দে প্রজন্মের মেলবন্ধন, এক ফ্রেমে জাহিদ-মিমি

 

ঈদ মানেই নাড়ির টানে ঘরে ফেরা, পরিবারকে ঘিরে আনন্দ-উৎসব আর নতুন পোশাকের সতেজতা। সেই আবহকে আরও প্রাণবন্ত করতে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নিয়ে এসেছে তাদের বিশেষ ‘ঈদ/২৬’ কালেকশন। এবার তাদের আয়োজনে উঠে এসেছে কয়েক প্রজন্মের শিল্পীদের এক অনন্য মেলবন্ধন।

এবারের ঈদ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ—শোবিজের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় মুখদের একসঙ্গে উপস্থাপন। গুণী অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা তারিক আনাম খান ও আফসানা মিমি থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকা জাহিদ হাসান এবং এই প্রজন্মের প্রিয় মুখ তানজিন তিশা—সবাইকে দেখা গেছে একই ক্যানভাসে।

ভিন্ন সময়ের এই তারকাদের উপস্থিতি আড়ং-এর পোশাকে যেন অতীত ও বর্তমানকে এক সুতোয় গেঁথে দিয়েছে। প্রকাশিত ছবিগুলোতে গাঢ় ও নীলাভ রঙের আভিজাত্যে ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীদের দেখা গেছে উষ্ণ পারিবারিক আবহে। নকশাদার পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজ—প্রতিটি পোশাকেই ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিকতার ছাপ।

বাংলাদেশের উৎসব, আবেগ ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে আড়ং দীর্ঘদিন ধরেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। ‘ঈদ/২৬’ কালেকশন সেই ধারাবাহিকতারই উজ্জ্বল প্রতিফলন। এখানে প্রতিটি পোশাক কেবল একটি পরিধেয় নয়; বরং এর সঙ্গে জড়িয়ে আছে স্মৃতি, সম্পর্ক ও প্রজন্মান্তরের গল্প।

ফেলে আসা শৈশব ও আগামীর তারুণ্যকে একই ফ্রেমে তুলে ধরার এই উদ্যোগ ইতোমধ্যেই ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে। ঈদ আনন্দ, নতুন পোশাক এবং পারিবারিক বন্ধনের আবহে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করাই যেন এ বছরের আড়ং ঈদ সংগ্রহের মূল সুর।

এনএনবাংলা/