নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষাঙ্গনে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়ে সফলতা পেয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকে শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে কোনো ধরনের মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের স্থান থাকতে পারে না।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এর আগে, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব
এশিয়া কাপ রাইজিং স্টারস: পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২