February 20, 2026
Friday, February 20th, 2026, 5:02 pm

দুই মাস পর ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

 

প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার তিন দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এ অগ্রগতি ঘটল। এর আগের দিন বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। গত ডিসেম্বর মাসে ওই ঘটনার পর উভয় দেশই ভিসা কার্যক্রম স্থগিত রাখে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ১৮ ডিসেম্বর রাতে ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার দুটি পত্রিকা অফিস, ছায়ানট ভবন এবং উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। একই রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান নেয় এবং মিশন লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে।

পরিস্থিতির প্রেক্ষাপটে চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

এর মধ্যে জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। সর্বশেষ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা কার্যক্রম পুনরায় চালুর মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে।

এনএনবাংলা/