February 20, 2026
Friday, February 20th, 2026, 8:23 pm

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন: কে পেলেন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব

 

মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর আটজন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টার মধ্যে তিনজনকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদ।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর রাশেদ আল মাহমুদ তিতুমীর পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রতিমন্ত্রী পদমর্যাদার তিনজন উপদেষ্টাকেও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন— বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন; মাহদী আমিন, যিনি শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন; এবং রেহান আসিফ আসাদ, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ৫০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ওইদিনই মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির ও ডা. জাহেদুর রহমান এখনো কোনো দপ্তর পাননি।

এনএনবাংলা/