February 21, 2026
Saturday, February 21st, 2026, 3:11 pm

অর্ধশতাব্দী পর আগামী ৬ মার্চ আবারও চাঁদে যাচ্ছে মানুষ

 

দীর্ঘ অর্ধশতাব্দীর বিরতি কাটিয়ে মানবজাতিকে আবারও চাঁদের কক্ষপথে ফিরিয়ে নিতে ঐতিহাসিক ‘আর্টেমিস–২’ (Artemis II) মিশনের তারিখ ঘোষণা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। সংস্থাটি জানিয়েছে, আগামী ৬ মার্চ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশালাকৃতির রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে এই রোমাঞ্চকর অভিযানের সূচনা হবে।

এই মিশনে চারজন মহাকাশচারী চন্দ্রযানে করে চাঁদের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবেন এবং কাছ থেকে পর্যবেক্ষণ করবেন। নাসা জানিয়েছে, প্রস্তুতির অগ্রগতির ওপর ভিত্তি করে উৎক্ষেপণের তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে, তবে বর্তমান লক্ষ্য ৬ মার্চ।

আর্টেমিস–২ মিশনে অংশ নিতে যাওয়া চারজন সাহসী নভোচারী হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন।

প্রায় ১০ দিনের এই যাত্রায় নভোচারীরা প্রথমে পৃথিবীকে প্রদক্ষিণ করবেন। এরপর চাঁদের চারপাশে ‘ফিগার-এইট’ আকৃতির পথে উড্ডয়ন করবেন। তবে এই অভিযানে ব্যবহৃত ‘ওরিয়ন’ মহাকাশযানটি চাঁদের মাটিতে অবতরণ করবে না, কারণ এটি বর্তমানে কক্ষপথ মিশনের জন্য প্রস্তুত।

সফল ‘ওয়েট ড্রেস রিহার্সাল’

চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে নাসা সফলভাবে ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ বা পূর্ণ জ্বালানি ভরে উৎক্ষেপণের মহড়া সম্পন্ন করেছে। গত বৃহস্পতিবার রাতে কেনেডি স্পেস সেন্টারে এই পরীক্ষা চালানো হয়, যেখানে রকেটে ৭ লাখ গ্যালনের বেশি তরল জ্বালানি ভরা হয়েছিল।

প্রথম দফার পরীক্ষায় হাইড্রোজেন লিকের সমস্যা দেখা দিলেও দ্বিতীয় পরীক্ষায় প্রকৌশলীরা তা সফলভাবে কাটিয়ে উঠেছেন। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এই সফল পরীক্ষা চাঁদের পরিবেশে আমেরিকার প্রত্যাবর্তনের পথে বড় অগ্রগতি।

নতুন রেকর্ডের সম্ভাবনা

নভোচারীরা চাঁদের দূরবর্তী পাশ অতিক্রম করার সময় ১৯৭০ সালের ঐতিহাসিক অ্যাপোলো–১৩ (Apollo 13) মিশনের গড়া দূরত্বের রেকর্ড ভেঙে দিতে পারেন। সে ক্ষেত্রে তারা মানব ইতিহাসে সবচেয়ে দূরে ভ্রমণকারী হিসেবে নতুন রেকর্ড গড়বেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে অ্যাপোলো–১৭ (Apollo 17) মিশনের পর এটিই হবে চাঁদের কক্ষপথে মানুষের প্রথম যাত্রা।

মঙ্গল অভিযানের প্রস্তুতি, চীনের প্রতিযোগিতা

নাসার এই চন্দ্রাভিযান ভবিষ্যতের মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। আর্টেমিস–২ সফল হলে পরবর্তী ধাপ ‘আর্টেমিস–৩’ (Artemis III) মিশনের মাধ্যমে ২০২৭ বা ২০২৮ সালের দিকে দীর্ঘ ৫৪ বছর পর মানুষ সরাসরি চাঁদের মাটিতে অবতরণ করবে।

এমন এক সময়ে এই মিশন জোরদার করা হয়েছে, যখন চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। মহাকাশ গবেষণায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতেই নাসা আর্টেমিস কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

এনএনবাংলা/