চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে ছাত্র-জনতাকে দমন এবং হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেলে এ মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
প্রসিকিউশনের দাবি, জুলাই–আগস্টের গণ-আন্দোলন চলাকালে আনিসুল হক ও সালমান এফ রহমানের মধ্যে একাধিক ফোনালাপ হয়। সেখানে আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়। মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।
একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজবাড়িতে নয়জন যুবককে জঙ্গি হিসেবে সাজিয়ে হত্যার অভিযোগে দায়ের করা আরেকটি মামলারও শুনানি রয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। ইতোমধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক ও হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তারের পর থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক কারাগারে রয়েছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রমজানের বাজার-সদাই: লেবু-শসা-বেগুনের দাম কমছে, কমলো কাঁচামরিচও
‘১৪ বোতল মদসহ আটক মেহজাবীন’, অভিনেত্রী বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’
বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুশফিকুল ফজল আনসারীর