February 23, 2026
Sunday, February 22nd, 2026, 3:28 pm

মানুষের দ্বারে ঘুরে কুশলবিনিময় ও উন্নয়নে সহযোগিতা কামনা করছেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই রংপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রায়হান সিরাজী নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছেন। দল মত সকল ভেদাভেদ ভুলে তিনি নির্ধারিত সিডিউল অনুযায়ী মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশলবিনিময় করছেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পরামর্শ ও সহযোগিতা কামনা করছেন।

নির্বাচিত হওয়ার পরদিন থেকেই এ কর্মসূচি শুরু করেন তিনি। শপথ গ্রহণের জন্য ঢাকায় অবস্থান করলেও ফিরে এসেই আবার এলাকায় ছুটে যান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজার গিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী, দোকানদারসহ নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এমপি রায়হান সিরাজী। এমনকি নামাজের সময় মসজিদে নামাজ আদায়ের পর মুসুল্লিগণের সাথেও কুশলবিনিময় করছেন। এ সময় তার সঙ্গে উপজেলা জামায়াতের আমীরসহ দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন।

এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ সাধারণ মানুষ সাদরে গ্রহণ করেছে। স্থানীয়দের মতে, নির্বাচনের আগে ভোটের জন্য প্রার্থীরা মানুষের কাছে গেলেও নির্বাচনের পর অনেকেই আর খোঁজ রাখেন না। কিন্তু রায়হান সিরাজীর এ উদ্যোগ জনমনে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ প্রসঙ্গে এমপি রায়হান সিরাজী বলেন, ভোটের আগে আমি মানুষের কাছে গিয়েছি ভোট কামনার জন্য। এখন নির্বাচিত হয়েছি বলে সংবর্ধনা নিয়ে ব্যস্ত থাকাটা আমার কাছে সমীচীন মনে হয় না। বরং এলাকার মানুষই আমার প্রকৃত শক্তি ও প্রেরণা। তাদের কাছ থেকেই আমি সংবর্ধনা পাওয়ার যোগ্য কি না, তা নির্ধারিত হবে আমার কাজের মাধ্যমে। তিনি আরও বলেন, আমি চাই না জনপ্রতিনিধির পেছনে মানুষ ছুটুক, বরং জনপ্রতিনিধিই মানুষের কাছে যাবে। তাহলেই সততা ও স্বচ্ছতার সঙ্গে এলাকার উন্নয়ন সম্ভব হবে। মানুষের কাছ থেকে সরাসরি পরামর্শ ও সহযোগিতা পাওয়া যাবে। আমি যে ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাকে ধারণ করে সেবার মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান বলেন, নির্বাচনের পরপরই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশলবিনিময় করা এবং উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত নেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি, জনগণের প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধারাবাহিক গণসংযোগ ও পরামর্শভিত্তিক কার্যক্রম রংপুর-১ আসনের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।