February 22, 2026
Sunday, February 22nd, 2026, 3:29 pm

জয়পুরহাটে নিজ হাতে রাস্তা পরিষ্কার করলেন সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ

জয়পুরহাটঃ

ভোরের নীরবতা ভাঙতেই ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয় জয়পুরহাট শহর। সকাল সাড়ে ৬টার দিকে শহরের পূর্ব বাজার এলাকায় ঝাড়ু হাতে দেখা যায় জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ-কে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ আয়োজন ছাড়াই সরাসরি কাজে নেমে পড়েন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এ কার্যক্রমে স্থানীয় নেতা-কর্মীরাও অংশ নেন। সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী  উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে জনসচেতনতা তৈরির একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন সময় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ বলেন, সারাদেশ ব্যাপী আমাদের আমিরে জামায়াত এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। সারাদেশেই নির্বাচনী এলাকাগুলোতে আমাদের এই পরিচ্ছন্ন অভিযান চলছে। আমরা আজকে জয়পুরহাটের এই পূর্ববাজার দিয়ে কাজ শুরু করেছি।

তিনি বলেন, আমরা শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, বাংলাদেশের আবর্জনাকে মুক্ত করতে চাই। প্রিয় জয়পুরহাটবাসী, আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের দোয়া চাই। যাতে করে আগামীতে এই জয়পুরহাটকে আমরা একটা উন্নত জয়পুরহাট ও পরিচ্ছন্ন জয়পুরহাট করতে পারি। মানুষের সকল ক্ষেত্রেই যে সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আগামীর এই জয়পুরহাটকে স্বাস্থ্য, শিক্ষা আর রাস্তাঘাটের সংস্কার, সকল ক্ষেত্রে আমরা কাজ করার চেষ্টা করবো।

অভিযানে এমপির সাথে অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, আমরা এই জেলার সকল সেক্টর থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে চাই। আমরা জয়পুরহাটে এমন একজন প্রতিনিধি নির্বাচিত করেছি যার মাধ্যমে এসব সমস্যা সমাধান করা সম্ভব হবে।

শহর শাখার জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান বলেন, সড়কে জমে থাকা ময়লা–আবর্জনা ও নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং রাস্তা পরিষ্কার কাজে অংশগ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন।

আজিজুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই প্রসংশনীয়। এতে আমাদের মতো সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।

এক পথচারী আরিফুল ইসলাম বলেন, এই উদ্যোগ তরুণ প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।