February 22, 2026
Sunday, February 22nd, 2026, 4:01 pm

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুশফিকুল ফজল আনসারীর

 

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি দাবি করেছেন, তার কূটনৈতিক কর্মকাণ্ডে শুরু থেকেই বাধা সৃষ্টি করেছিলেন তৌহিদ হোসেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব অভিযোগ তোলেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী লেখেন, কোনো এক নিউজ ফিডে তিনি দেখেছেন সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা নাকি জাতিসংঘে চাকরি খুঁজছেন। তবে খবরটির সত্যতা যাচাই করার সুযোগ তার হয়নি এবং এতে ব্যক্তিগত আগ্রহও নেই বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, শুরু থেকেই তৌহিদ হোসেন তার পথচলায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন। মেক্সিকোতে তাকে পাঠানো থেকে শুরু করে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে আসতে বারণ—নানা বিষয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন তিনি।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করতে তাকে উৎসাহ দেন সংস্থাটির এক ভিনদেশি সহকর্মী। লাটভিয়ার মিস ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। বিষয়টি তিনি সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। প্রাথমিকভাবে পররাষ্ট্র উপদেষ্টাও তাকে আবেদন করতে সবুজ সংকেত দেন বলে জানান তিনি।

মুশফিকুল বলেন, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রও তাকে সহযোগিতা করতে আগ্রহী ছিল বলে দাবি করেন তিনি। তবে নিজের দেশ বাংলাদেশের আনুষ্ঠানিক সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন।

তিনি জানান, যথানিয়মে আবেদন পাঠানোর পরপরই পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ‘not to proceed’ বার্তা পান। জবাবে তিনি জানান যে আবেদন ইতোমধ্যে পাঠানো হয়েছে। এরপর থেকে আজ পর্যন্ত তৌহিদ হোসেন তার ফোন ধরেননি বলেও অভিযোগ করেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী বলেন, আবেদন করলেই যে জাতিসংঘ মনোনীত করবে—এমন নিশ্চয়তা নেই। তবে দেশের সমর্থন না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছেন।

তিনি আরও দাবি করেন, বিষয়টি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জানিয়েছেন। তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে জানতে চাইলে তাকে জানানো হয়—‘মুশফিক জিততে পারবে না, তাই সমর্থন দেওয়া হয়নি।’ অথচ এখানে কোনো ভোটাভুটি নেই; সদস্য রাষ্ট্র প্রার্থী মনোনয়ন দিলে জাতিসংঘ সেখান থেকে শর্টলিস্ট করে মহাসচিবসহ সংশ্লিষ্ট টিম সাক্ষাৎকার নেয় এবং যোগ্য ব্যক্তিকেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেয়—এমনটাই দাবি তার।

সবশেষে মুশফিকুল ফজল আনসারী জানান, দেশের সমর্থন না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্যজনক। সময় এলে পুরো বিষয়টি প্রকাশ করবেন বলেও ইঙ্গিত দেন তিনি। ইতোমধ্যে এ নিয়ে একটি বই লিখছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

এনএনবাংলা/