বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় বোর্ড।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত আগেই বোর্ডকে জানিয়েছিলেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া শুরু করে বিসিবি।
সেই প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসে অভিজ্ঞ সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ওপর আস্থা রাখে বোর্ড। দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং ক্রিকেট–জ্ঞান বিবেচনায় নিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা
হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নারী জাতীয় দলের নির্বাচক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেলেও ক্রিকেট প্রশাসনে সক্রিয় ছিলেন তিনি। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ অভিজ্ঞতা ও মাঠ-প্রশাসন—দুই ক্ষেত্রেই দক্ষতার কারণে তাকে আবারও নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনল বিসিবি। তার নেতৃত্বে জাতীয় দলের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছে বোর্ড সংশ্লিষ্টরা।
এনএনবাংলা/


আরও পড়ুন
নতুন সরকারের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক গড়তে চায় ভারত: প্রণয় ভার্মা
জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করল বিসিবি
সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল