February 23, 2026
Monday, February 23rd, 2026, 12:47 am

চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: ডা. শফিকুর রহমান

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, গতকাল রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায় সংশ্লিষ্ট সবার ওপর বর্তায়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।

তিনি দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।

এনএনবাংলা/