চট্টগ্রাম মহানগরীর হালিশহরে একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—শাখাওয়াত হোসেন, মো. শিপন, মো. সুমন, মো. শাওন, মো. আনাস, মো. আইমান, আয়েশা আক্তার ও পাখি আক্তার। আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, বাসাটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে ছিল। পরে সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই এ দুর্ঘটনা ঘটে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের
ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ