February 23, 2026
Monday, February 23rd, 2026, 3:48 pm

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

 

সরকার ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২২ ফেব্রুয়ারি) জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব প্রশাসক দায়িত্ব পালন করবেন। সংশোধিত সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুসারে ভাতা গ্রহণ করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়েছে। একই অধ্যাদেশের উপধারা (৩) অনুসারে তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এনএনবাংলা/পিএইচ