February 23, 2026
Monday, February 23rd, 2026, 7:43 pm

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

 

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকদের সঠিকভাবে শনাক্ত করে তাদের কাছে সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি খাত। তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকরা যাতে সরাসরি ন্যায্য মূল্য ও সরকারি ভর্তুকি পান, সে লক্ষ্যেই স্মার্ট ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে কৃষক কার্ড চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কার্ডের কারিগরি বিষয়, বিতরণ প্রক্রিয়া এবং জাতীয় ডাটাবেজ তৈরির অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হলে তিনি দ্রুত মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এনএনবাংলা/পিএইচ