নড়াইল প্রতিনিধি :
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন— বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তাঁর পুত্র তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ ও তাঁর ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর ফকির। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল শেখ, তাঁর পুত্র তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ এবং তাঁর ছেলে মুন্না শেখ নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম—পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। বাকী ৮ জনকে নড়াইল জেলা হাসপাতালে ভতি করে চিকিৎসা দেওয় হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আরও পড়ুন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাসহ তিন নির্দেশনা দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম সাড়া ফেলেছে
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন দগ্ধ