স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়কে তিনি ‘ফ্যাসিস্ট আমল’ উল্লেখ করে জানান, ওই সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেসব মামলা করা হয়েছিল, সেগুলোর মধ্য থেকে আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে সোমবার তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়ের হওয়া মামলাগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে। এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরদিনই মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন সালাহউদ্দিন আহমদ। বৈঠক শেষে তিনি বলেন, ৫ আগস্টের পর একাধিক মামলা হয়েছে, যার মধ্যে কিছু মামলা ‘সুবিধাবাদী মহল’ করেছে বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর নামেও মামলা হয়েছে।
আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এসব মামলা পর্যালোচনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন অযথা ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতেই পুনরায় যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
র্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০ মার্চ দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ