কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে সেহরির সময় উপজেলা শহরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের সকাল ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও দুই বছর বয়সী শিশু হুররাম।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দাউদকান্দি থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, জিল হক ও উম্মে হুমায়রার শরীরের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে দাউদকান্দি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার আবদুল হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ধারণা করা হলেও সেটি সঠিক নয়; গ্যাস লাইন থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
র্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০ মার্চ দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নড়াইলে বাবা—ছেলেসহ ৪জন নিহতের ঘটনায় আটক ৬