র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ হিসাবগুলোর মধ্যে রয়েছে পাঁচটি সঞ্চয়পত্র ও পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এ নির্দেশ দিয়েছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, হারুন অর রশীদ ও ফাতেহা পারভীন লুনা দম্পতির নামে থাকা সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবগুলোতে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনে আরও বলা হয়, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে তার ও তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য মিললেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। এছাড়া এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে বলেও দুদকের আশঙ্কা।
এ অবস্থায় সম্পদ বেহাত হওয়ার ঝুঁকি এড়াতে এবং রাষ্ট্রের সম্ভাব্য ক্ষতি রোধে সংশ্লিষ্ট হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমির
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়
প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি: আব্দুল মঈন খান