February 24, 2026
Tuesday, February 24th, 2026, 5:36 pm

আইনি ব্যবস্থা নিচ্ছেন মেহজাবীন চৌধুরী

 

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা সরাসরি অস্বীকার করে তিনি জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে টার্গেট করে মানহানির চেষ্টা চলছে। এ ধরনের ‘মানহানিকর সংবাদ’ প্রকাশের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন লিখেছেন, “সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। এ প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই।”

তিনি স্পষ্টভাবে দাবি করেন, উল্লেখিত কোনো ঘটনায় তাঁকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। তাঁর কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি। “আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লেখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সে রকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করেননি,”—লেখেন এই অভিনেত্রী।

মেহজাবীন আরও প্রশ্ন তোলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা বা তাঁর লাগেজ থেকে অবৈধ কিছু উদ্ধার হওয়ার কোনো ছবি, ভিডিও বা প্রমাণ আছে কি না। তাঁর ভাষ্য, “মাদক বহনের ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে একটিও প্রমাণ কেউ দিতে পারেনি যে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে। অথচ ক্লিকবেইটের জন্য আমার ছবি ব্যবহার করা হয়েছে।”

তিনি বলেন, মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি ‘অমূলক’ উল্লেখ করে আবারও দাবি করেন, প্রকাশিত ওই ঘটনায় তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তাঁর স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ তাঁদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ—এমন দাবি প্রকাশিত হয়। আইন অনুযায়ী মামলা হওয়ার বিধান থাকলেও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাঁদের ছেড়ে দেন বলেও খবরে উল্লেখ করা হয়।

এ ঘটনায় মেহজাবীন প্রতিবাদ জানালেও এখনো কোনো মন্তব্য করেননি আদনান আল রাজীব ও শঙ্খ দাশগুপ্ত।

এনএনবাংলা/