February 25, 2026
Wednesday, February 25th, 2026, 2:24 pm

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

 

বরিশালে আদালতে হট্টগোল ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালত প্রাঙ্গণ থেকেই তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় তার মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন।

বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু জানান, আইনজীবী সমিতির সভাপতিকে তার চেয়ার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

তবে এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে একটি আদালত জামিন দেন। ওই জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশালের মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

বিক্ষোভ শেষে দুপুরে আদালতের এজলাসে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় বিচারক এস এম শরিয়তুল্লাহ এজলাস ত্যাগ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এনএনবাংলা/পিএইচ