বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে বলে আলোচনা রয়েছে। বুধবার দুপুরের দিকে হঠাৎ করেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেন। এ সময় পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন বাংলাদেশ ব্যাংকের কেউ না।’
বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, তিনি পদত্যাগ করেননি এবং তাকে অপসারণের কোনো আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়নি। তবে তিনি শুনেছেন যে তিনি আর দায়িত্বে নেই। এ কারণেই বিষয়টি জানার পর তিনি কার্যালয় ছেড়ে চলে যাচ্ছেন বলে জানান।
এদিকে নতুন গভর্নর হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তাকুর রহমানের নাম শোনা যাচ্ছে। তিনি বিজিএমইএর পরিচালনা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার সকালে বিভিন্ন দাবি পূরণ, তিন কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ এবং বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলমবিরতির ঘোষণাও দেওয়া হয়।
কর্মকর্তাদের এই প্রতিবাদ সভার পর গভর্নর আহসান এইচ মনসুর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সেখানে তার পদত্যাগ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ করতে আমার মাত্র দুই সেকেন্ড সময় লাগবে। আমি এখানে এসেছি জাতির সেবা করতে। দেশের এই সংকটকালীন সময়ে জাতীয় কর্তব্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, কিছু কর্মকর্তা স্বার্থান্বেষী মহলের ইশারায় পরিচালিত হয়ে প্রতিষ্ঠানের মান-মর্যাদা ক্ষুণ্ন করছেন। কেন্দ্রীয় ব্যাংকের সার্ভিস রুলস মেনে চলার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, কেউ নীতিমালার বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখতে কোনো ধরনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঈদে ‘ইত্যাদি’তে দর্শকের সঙ্গে অভিনয় করলেন মোশাররফ করিম
স্পোর্টস ডিপ্লোম্যাসি নিয়ে শামা-আমিনুলের বৈঠক
মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিসভায় যাব না: গয়েশ্বর চন্দ্র রায়