সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আদালতের নথি অনুযায়ী, এসব সম্পদের মোট মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত এসব স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘অর্থ পাচার’ অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর থেকে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এর অংশ হিসেবে গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জাবেদের মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়। পরে জব্দ করা আলামত ঢাকায় এনে পর্যালোচনা, পরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে শ্রেণিবদ্ধ করা হয়।
উদ্ধার করা রেকর্ডগুলোর মধ্যে বেশ কয়েকটি চুক্তি, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানি রসিদ, বিভিন্ন চেক, ভাউচার এবং সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বিদেশে সম্পত্তি কেনার নথিপত্রের মূল কপি পাওয়া গেছে বলে দুদকের ভাষ্য।
এসব নথি সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে সম্পত্তি ক্রয়ের তথ্য প্রমাণ করে বলে দাবি দুদকের।
আবেদনে বলা হয়, বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর বিভিন্ন দেশে অধিগ্রহণকৃত সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে অবস্থিত বিপুল স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
“এসব স্থাবর সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সেজন্য জব্দ করা একান্ত প্রয়োজন,”—আবেদনে উল্লেখ করা হয়।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে।
এনএনবাংলা/


আরও পড়ুন
এভাবে গভর্নরের বিদায় ঠিক হল কিনা? অর্থমন্ত্রী বললেন, ‘কিছুই বলার নেই’
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট