February 26, 2026
Thursday, February 26th, 2026, 3:45 pm

ফুটপাত দখলমুক্তে কড়া অবস্থানে প্রশাসন, জরিমানা ৩ হাজার টাকা

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌর শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় নিয়ম অমান্য করায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে মাছুয়া বাজার থেকে পাচুর মোড় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং যানবাহন চলাচলেও বাধা তৈরি হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। তিনি জানান, দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন। সতর্ক করার পরও রাস্তার অংশ দখল করে মালামাল রাখায় এক ব্যবসায়ীকে তাৎক্ষণিক ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে রাখা সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং শহরে যানজট কমাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানকালে জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগের শহর ও যান পুলিশ পরিদর্শক মোমেন আলী, সার্জেন্ট বিপুল ও এসআই মেহেদীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।