Tuesday, March 3rd, 2026, 3:32 pm

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে কমিশনের দুই সদস্য—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ—তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেন।

এর আগে ২০২৪ সালের ১০ ডিসেম্বর আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিনে নিয়োগ পান সংস্থাটির দুই কমিশনারও। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি চুক্তিভিত্তিক নিয়োগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যুগ্ম সচিব পদে কর্মরত থাকা অবস্থায় আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে তার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করে। এক বক্তব্যে তিনি দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের নির্বাচিত করলে দুর্নীতি কমবে না। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুর্নীতির অর্থ বিদেশে পাচারে রাজনৈতিক এলিটদের ভূমিকা ছিল বলেও অভিযোগ করেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস জয় পেয়ে বিএনপি সরকার গঠন করে। প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরে দলটি প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনছে। এরই ধারাবাহিকতায় কেউ কেউ স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। সর্বশেষ, দুদক চেয়ারম্যানসহ সংস্থাটির দুই কমিশনারও পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

এনএনবাংলা/পিএইচ