Tuesday, March 3rd, 2026, 4:25 pm

মার্কিন নাগরিকদের দ্রুত ১৪ দেশ ছাড়তে নির্দেশ

 

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। সেখানে নাগরিকদের অবিলম্বে পরিস্থিতি মূল্যায়ন করে সংশ্লিষ্ট দেশগুলো ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

যেসব দেশ ছাড়তে বলা হয়েছে, সেগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

এর আগে গত শনিবার ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেদিন রাজধানী তেহরানে চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন বলে জানানো হয়।

এর জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনাও ঘটছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

এনএনবাংলা/