Tuesday, March 3rd, 2026, 4:52 pm

এশিয়ান কাপে চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

 

এএফসি নারী এশিয়ান কাপে প্রথম ম্যাচেই রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দলের চোখে চোখ রেখে লড়াই করেও শেষ পর্যন্ত ২-০ গোলে হারতে হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাহসী পারফরম্যান্সে সমর্থকদের মন জয় করেছেন মনিকা চাকমারা।

ম্যাচের ১৪ মিনিটে গোলশূন্য সমতায় মাঝমাঠ থেকে বল পেয়ে এগিয়ে এসে প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত শট নেন ঋতুপর্ণা চাকমা। বল পোস্টের দিকে উড়ে গেলেও চীনের গোলরক্ষক চেন চেন লাফিয়ে উঠে ফিস্ট করে ক্রসবারের ওপর দিয়ে বল বের করে দেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়ে হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন ঋতু। গ্যালারিতে থাকা হাজারো প্রবাসী বাংলাদেশিও তখন হতাশ।

২৪ মিনিটে উরিগুমুলার ক্রসে ওয়াং হেডে বল জালে জড়ালেও ভিএআরের মাধ্যমে অফসাইড ধরা পড়ে। এটি ছিল বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে ভিএআরের মাধ্যমে হওয়া প্রথম সিদ্ধান্ত।

প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের রক্ষণে চিড় ধরে। ৪৪ মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে ওয়াংয়ের কোনাকুনি শট জালে জড়ায়। যোগ করা সময়ে প্রতিপক্ষের শট মিলি আক্তার ফিস্ট করলেও বল যায় ঝ্যাং রুইয়ের কাছে। তার নিচু শট ডিফেন্ডার কোহাতি কিসকুর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বিরতিতে যায় বাংলাদেশ।

বাংলাদেশ কোচ পিটার বাটলার শক্তিশালী চীনের বিপক্ষে একাদশে চমক দেখান। সাফজয়ী গোলরক্ষক রুপনা চাকমাকে বেঞ্চে রেখে মিলি আক্তারের ওপর আস্থা রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে তহুরা খাতুন ও হালিমাকে নামান। শেষদিকে অভিষেক হয় সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর।

দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনলেও আর গোল করতে পারেনি চীন। বাংলাদেশও ব্যবধান কমাতে মরিয়া চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই এশিয়ান কাপে অভিষেক হলো বাংলাদেশের।

আগামী ৬ মার্চ একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে উত্তর কোরিয়া নারী ফুটবল দল।

র‌্যাংকিংয়ের ১৭তম দলের বিপক্ষে কম ব্যবধানের এই হার বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা দিচ্ছে। হারলেও সাহসী লড়াইয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে।

এনএনবাংলা/