Sunday, March 8th, 2026, 5:01 pm

রংপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

রংপুর ব্যুরো:

মাদকবিরোধী অভিযানে দুই নারীসহ মোট পাঁচজন গ্রেপ্তার করেছে রংপুর  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। রবিবার (৮ মার্চ) দুপুরে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১২৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে র‌্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রংপুর জেলায় পৃথক দুটি অভিযানে এসব মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর এলাকার মো. দেলোয়ার হোসেন (২৮), একই এলাকার মো. মোমিন মিয়া (২৯), হাতীবান্ধা উপজেলার দুই খেওয়া এলাকার মো. জিয়ারুল ইসলাম (৪০)।  জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তালপাড়া ভিমপুর এলাকার বাসিন্দা মোছা. পাপিয়া বেগম (৩২) এবং দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলাহিলি এলাকার বাসিন্দা মোছা. মরিয়ম (৩০)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকার বৈরাগী বাজার সংলগ্ন টোল প্লাজার সামনে মিঠাপুকুরগামী পাকা সড়কে অভিযান চালায়। অভিযানকালে সন্দেহভাজন তিন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরো জানায়, একই দিনে পৃথক আরেকটি অভিযানে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় সংলগ্ন ব্রেক টাইম রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বাসের যাত্রীবেশে থাকা দুই নারীকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে রংপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘রংপুরসহ উত্তরাঞ্চলে মাদকের বিস্তার রোধে র‌্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।