যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের মধ্যপ্রাচ্যগামী কয়েকটি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এর মধ্যে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম রুট অন্তর্ভুক্ত।
সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের সঠিক তথ্য দেয়ার জন্য এই ঘোষণা দেওয়া হচ্ছে।
বোসরা আরও জানিয়েছেন, অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে। পরে পরিস্থিতি উন্নতি হলে এবং সংশ্লিষ্ট এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই রুটের ফ্লাইট পুনরায় চালু করা হতে পারে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানানো হবে। ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলসেন্টার ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পারবেন।
প্রসঙ্গত, গত ১১ দিন ধরে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালাচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
বিশ্বব্যাপী এই সংঘাতের কারণে জ্বালানি তেলের বাজারে যেমন অস্থিরতা দেখা দিয়েছে, তেমনি বিমান সেবা ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। এই অস্থিরতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো পরিস্থিতি মনিটর করে যাচ্ছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রহস্য আর উত্তেজনায় ভরপুর ‘দম’–এর ফার্স্ট লুক
তেল সংকটে স্বস্তি দিতে এলো ‘তেল কই’ অ্যাপ
হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের