রমজান মাসের পরপরই সারা দেশে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করবে সরকার, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।
সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার-এ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে সরকার বদ্ধপরিকর। সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রমজান মাসের পরপরই তা কার্যকর হবে।
তিনি জানান, ইতোমধ্যে গতকাল রাত ও আজ চট্টগ্রাম-এ একটি বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মব কালচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ‘মব’ বলে উল্লেখ করছেন। তবে সরকার কোনোভাবেই মবকে প্রশ্রয় দিচ্ছে না। মব বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে যে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কক্সবাজার–টেকনাফ রুট দিয়ে মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে হবে। এ জন্য পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজার শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এর আগে কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজারের তিন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী ও আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক
সৌদি আরবে বিমান হামলায় ২ বাংলাদেশি নিহত, শোক প্রকাশ সরকারের