ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমানও ছিলেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন চলাকালে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ দর্শক গ্যালারির বিভিন্ন স্থানে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি দেখা যায়।
দর্শকসারিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জুবাইদা রহমান ও জাইমা রহমানের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।
ভিভিআইপি লাউঞ্জের ডান পাশের গ্যালারিতে উপস্থিত ছিলেন জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দবানু, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান সিঁথি, বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা। এছাড়া সেখানে ছিলেন জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দুও।
এদিকে ভিভিআইপি লাউঞ্জে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
অন্যদিকে বাম পাশের গ্যালারিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এছাড়া ২৪-এর জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নেওয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও অতিথি হিসেবে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা যায়।
প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঈদের আগে বেড়েই চলছে মুরগির দাম, জমে উঠেছে সেমাই-চিনির বাজার
‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে শাকিব খান
কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট