Friday, March 13th, 2026, 3:52 pm

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি শ্রমিক নিহত

 

মালদ্বীপের দক্ষিণ আরিফ ধালু অঞ্চলের ধিগুরাহ দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ধিগুরাহ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আবাসন ব্লকের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের পর পুরো এলাকাটি সাময়িকভাবে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

ঘটনার তদন্তে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি বিশেষ তদন্তকারী দল ধিগুরাহ দ্বীপে পাঠানো হয়েছে। ভবনটি কোন কোম্পানির অধীনে পরিচালিত হচ্ছিল এবং সেখানে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ঠিক কতজন শ্রমিক অবস্থান করছিলেন, তা নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন রেকর্ড যাচাই করছে।

এনএনবাংলা/