Sunday, March 15th, 2026, 12:51 pm

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

সংবিধান অনুযায়ী বর্তমানে সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। তাই এটি আইনে পরিণত না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। তিনি জানান, রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন নয়।

তিনি আরও বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এমন কোনো পরিষদের প্রয়োজন হয়, তবে প্রথমে সংবিধান সংশোধন করতে হবে। সেই সংশোধনী নিয়ে সংসদে আলোচনা হবে এবং অনুমোদনের পর তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে।

মন্ত্রী বলেন, সংবিধানে সংশোধন হওয়ার পরই প্রয়োজন অনুযায়ী সংস্কার পরিষদ গঠন, কাঠামো নির্ধারণ ও সদস্যদের শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসবে।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, নিরপেক্ষতা বজায় রাখতে স্পিকার ও ডেপুটি স্পিকার তাদের দলের পদ থেকে পদত্যাগ করেছেন।

এনএনবাংলা/পিএইচ