সরকার সারাদেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদে এ তথ্য দেন তিনি।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, এই নিয়োগের মাধ্যমে শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকদেরই অন্তর্ভুক্ত করা হবে।
একই প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, দেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে বাংলাদেশে মোট ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এগুলোর মানোন্নয়নে সরকার কাজ করছে।
অন্য এক প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে। পাশাপাশি আগে জমা পড়া আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারিত হয়েছে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে তা মুলতবি করে রোববার পর্যন্ত স্থগিত রাখা হয়।
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ফারজানা বুবলি
জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম
ঈদে থানায় রাখা যাবে স্বর্ণালঙ্কার, নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা ডিএমপির