Sunday, March 15th, 2026, 9:18 pm

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর-স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি ইরানের

 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের ‘লাহাভ ৪৩৩’ বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং গিলাত এলাকায় অবস্থিত একটি প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রের ওপর শক্তিশালী ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে ইরানের ওই বিবৃতিতে হামলার সুনির্দিষ্ট স্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হামলার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত দুজন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ক্লাস্টার বা গুচ্ছ বোমা বহনকারী একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হলেও এর ওয়ারহেড থেকে ছড়িয়ে পড়া গুচ্ছ বোমা এইলাত শহরসহ আশপাশের কয়েকটি এলাকায় পড়ে। এতে অন্তত দুইজন সামান্য আহত হন।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত অন্তত ১০৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তারা ঠিক কীভাবে আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, অনেকেই ক্ষেপণাস্ত্র বা রকেট হামলার সময় নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলার জবাব হিসেবে ধারাবাহিকভাবে পাল্টা আঘাত হানছে ইরান।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার (১৫ মার্চ) সকাল পর্যন্ত সংঘাত-সম্পর্কিত ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: আল জাজিরা

এনএনবাংলা/পিএইচ