Monday, March 16th, 2026, 2:40 pm

ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

 

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে অবস্থিত এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোররাত প্রায় ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় হাসপাতালের অন্তত ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোররাতেই কটকের এই গুরুত্বপূর্ণ রাজ্য পরিচালিত হাসপাতালে আগুন লাগে। দুর্ঘটনার সময় ট্রমা সেন্টারের আইসিইউতে মোট ২৩ জন রোগী ভর্তি ছিলেন।

অগ্নিকাণ্ডের পর রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় গুরুতর অসুস্থ সাতজন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজন মারা যান, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।

ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালটি পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, আইসিইউতে থাকা ২৩ জন রোগীকেই দ্রুত অন্য আইসিইউতে স্থানান্তর করা হচ্ছিল। উদ্ধার কাজে চিকিৎসাকর্মী ও নিরাপত্তা সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করেছেন। এই সময় অনেকেই আহত হয়েছেন এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

এনএনবাংলা/পিএইচ