ইরানি ড্রোনের হামলায় সৃষ্ট বড় অগ্নিকাণ্ডের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে সীমিত আকারে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসনের জনসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক্স পোস্টে বলা হয়, আপাতত সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বর্তমানে কার্গো বিমানের পাশাপাশি কিছু জরুরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে বেশ কিছু ফ্লাইট স্থানান্তর করা হয়েছে আল মাকতোম বিমানবন্দরে।
বাতিল হওয়া অন্যান্য ফ্লাইট ধাপে ধাপে পুনরায় চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের আতঙ্কিত না হয়ে নিজ নিজ এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট বিমান পরিষেবা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে রোববার মধ্যরাতে ইরান থেকে ছোড়া বিস্ফোরকবাহী একটি ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে বিমানবন্দরের বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পর নিরাপত্তাজনিত কারণে সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করার নির্দেশ দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর পরে জানায়, এই সিদ্ধান্ত ছিল অস্থায়ী।
উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এখানে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন, অবতরণ ও ট্রানজিট করে এবং বিশ্বজুড়ে লাখো যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে তাদের গন্তব্যে যাতায়াত করেন।
সূত্র : রয়টার্স
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঢাবির নতুন ভিসি অধ্যাপক ওবায়দুল ইসলাম
আমাদের দলের কাজ হলো মানুষের উপকার করা: তারেক রহমান
যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা