Tuesday, March 17th, 2026, 1:32 pm

কাবুলে পাকিস্তানের হামলায় ৪০০ জন নিহতের দাবি তালেবানের

 

আফগানিস্তানের রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এই হামলার জন্য তারা পাকিস্তানের সামরিক বাহিনীকে দায়ী করেছে।

তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, সোমবার তারা কেবল কাবুল ও নানগারহার প্রদেশের নির্দিষ্ট সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে কাবুলের ২ হাজার শয্যাবিশিষ্ট ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে হাসপাতাল ভবনের একটি বড় অংশ ধসে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০ জনে পৌঁছেছে এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। বর্তমানে উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনা এবং ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে হাসপাতালের নিরাপত্তারক্ষী ওমিদ স্তানিকজাই এএফপিকে জানান, হামলার আগে তিনি আকাশে যুদ্ধবিমানের টহলের শব্দ শুনতে পান। কাছাকাছি থাকা সামরিক ইউনিটগুলো বিমানটিকে লক্ষ্য করে গুলি চালালে, এর পরপরই বিমানটি বোমা বর্ষণ শুরু করে।

এনএনবাংলা/পিএইচ