Wednesday, March 18th, 2026, 5:05 pm

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি যানজট

 

গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর ও আশুলিয়া অঞ্চলের শিল্পকারখানাগুলোতে একযোগে ছুটি ঘোষণার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর থেকে সড়কের বিভিন্ন স্থানে যানবাহন কখনো স্থির, আবার কখনো ধীরগতিতে চলতে দেখা যায়।

বিশেষ করে চান্দনা বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া, জিরানী এবং আশুলিয়ার বাইপেল এলাকায় বাসস্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের পর একসাথে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় যাত্রীবাহী বাসের সংকটও দেখা দেয়। এতে অনেক যাত্রী বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর বাইপাস থেকে চন্দ্রা বাস টার্মিনাল এবং চন্দ্রা-নবীনগর সড়কের আশুলিয়া বাইপেল থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে এই যানজট তৈরি হয়েছে। দুপুরে প্রায় ৪০ শতাংশ শিল্পকারখানা ছুটি দেওয়ায় একযোগে বিপুলসংখ্যক শ্রমিক সড়কে নামেন, যা যানজটের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, বাসের অপেক্ষায় অনেক শ্রমিককে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা তাদের ভোগান্তি আরও বাড়িয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে ছোট-বড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। এবার ছুটি ধাপে ধাপে দেওয়া হলেও বুধবার অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আরও ৮৩৩টি কারখানা ছুটি হবে বলে জানা গেছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানিয়েছেন, দুপুরের পর রিজার্ভ বাসের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় সড়কে এই দীর্ঘ যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এনএনবাংলা/