নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে প্রায় তিন ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। এঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে বিএনপি সমর্থক রহিম তালুকদার পক্ষ ও স্বতন্ত্র প্রার্থী সমর্থিত কাশেম মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটে প্ররোচনার অভিযোগে মো. জিয়া মিয়াকে সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ ধারায় ১৫ দিনের কারাদণ্ড দেন।
তিন দিন আগে জিয়া মিয়া কারাগার থেকে মুক্ত হয়ে এলাকায় আসনে। তার সন্দেহ ছিল,স্বতন্ত্র প্রার্থী পক্ষের শিশু মিয়া সেনাবাহিনীর কাছে তথ্য দিয়ে তাকে গ্রেফতারে সহযোগিতা করেছিলেন। এই সন্দেহ থেকেই সোমবার বিকেলে একা পেয়ে শিশু মিয়াকে মারধর এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এর জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।পরদিন মঙ্গলবার সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের প্রস্তুতি চলতে থাকে। দুপুর আড়াইটার দিকে কাশেম মিয়া পক্ষ গোয়ালনগর স্কুলপাড়া জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একইভাবে লালুয়ারটুক জামে মসজিদ থেকেও সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। একপর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ও চাতলপাড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পূর্ব শক্রতা জেরে জালভোট নিয়ে সন্দেহ ও ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের ঘটনা ঘটেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” তবে এখন কোন পক্ষ লিখিত কোন অভিযোগ বা মামলা দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন
ট্রেন যাত্রীদের নিরাপত্তায় বড়ালব্রিজ স্টেশনে আনসার-ভিডিপি মোতায়েন
শেয়ার জালিয়াতির মামলায় সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
রসিকে প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন ৮৫৫ পরিচ্ছন্নতা কর্মী