Wednesday, March 18th, 2026, 7:00 pm

এক দশকে বেকার ৫৩ লাখ, তরুণদের অর্ধেকই কর্মহীন: বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট

 

বাংলাদেশে গত এক দশকে বেকারত্বের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এই সময়ে শ্রমবাজারে প্রবেশ করেছে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ, তবে তাদের মধ্যে কর্মসংস্থান হয়েছে মাত্র ৮৭ লাখের। ফলে ৫৩ লাখ তরুণ এখনো বেকার অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার এক বিবৃতিতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট এ তথ্য জানান। তিন দিনের সফর শেষে ঢাকা ত্যাগের সময় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ চিত্র তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়, গত এক দশকে দেশের প্রায় অর্ধেক কর্মক্ষম তরুণ চাকরি পাননি। এ ক্ষেত্রে নারীরা আরও বড় চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

সফরকালে জোহানেস জাট অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিদ্যমান কাঠামোগত বাধা দূর করা জরুরি। দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জোহানেস জাট আরও বলেন, বিশ্বব্যাংক এমন অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে যেখানে প্রবৃদ্ধি সরাসরি কর্মসংস্থানে রূপ নেয়। বৃহৎ পরিসরে চাকরি সৃষ্টির জন্য ভৌত ও মানবসম্পদ অবকাঠামোয় বিনিয়োগ, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ সরকারও কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ লক্ষ্যে বিশ্বব্যাংক সহায়তা বাড়াচ্ছে—বিশেষ করে যুবক ও নারীদের জন্য।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে সংস্থাটি বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার এবং বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ। তবে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেশি—প্রায় ৮৭ শতাংশ, যাদের বেশিরভাগই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর এক গবেষণায় দেখা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার তুলনামূলক বেশি।

এনএনবাংলা/