Friday, March 20th, 2026, 4:22 pm

চাঁদপুরসহ আজ যেসব জেলায় উদযাপিত হচ্ছে ঈদ

 

রাত পোহালেই পবিত্র ঈদ। তবে একদিন আগেই দেশের বিভিন্ন জেলার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে আজ শুক্রবার (২০ মার্চ)। চলুন জেনে নেওয়া যাক আজ দেশের কোথায় কোথায় হয়েছে ঈদের জামাত।

রাজধানীতেও হয়েছে ঈদ জামাত: সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামারাই কনভেনশন সেন্টারে একদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। শুক্রবার (২০ মার্চ) মুসলিম উম্মাহ বাংলাদেশ-এর আয়োজনে পৃথক দুটি জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে কয়েকশ মুসল্লি অংশ নেন। সামারাই কনভেনশন হলে ঈদের নামাজে নারী ও পুরুষদের জন্য নামাজের পৃথক ব্যবস্থা করা হয়। নামাজে শিশুরাও অংশ নেয়। ঈদের নামাজ শেষে তারা পরস্পরের সাথে কোলাকুলি ও ভাব বিনিময় করেন।

চাঁদপুর: চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন হচ্ছে আজ। শুক্রবার সকালে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এদিকে একই দিন সকাল সাড়ে ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মাদারীপুর: মাদারীপুরে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন ২৫ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। শুক্রবার সকাল ৯টায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল: বরিশাল নগরীসহ জেলার পাঁচ উপজেলায় প্রায় ৫ হাজার পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে আজ। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে তারা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ ধর্মীয় আচার পালন করে আসছেন। শুক্রবার সকালে জেলার প্রায় ৭০টি মসজিদে আগাম ঈদের জামাত অনু‌ষ্ঠিত হয়।

পটুয়াখালী: পটুয়াখালীর ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করছেন। দীর্ঘ প্রায় এক শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এসব গ্রামের বাসিন্দারা আগাম ঈদ পালনের এ প্রথা অনুসরণ করে আসছেন।শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রায় ১৩টি গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন তারা। শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম রোজা পালন শুরু করেন।

বরগুনা: বরগুনার বিভিন্ন গ্রামে এবারো পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রায় ২০ হাজার মানুষ। ঈদ উপলক্ষে গ্রামে গ্রামে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সি মানুষ অংশগ্রহণ করেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ। শুক্রবার (২০ মার্চ) সকাল সোয়া ৮টায় উপজেলার ডহরশংকর এলাকার দারুস-সুন্নাহ ঈদগাহ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ১১টি গ্রামে হাজারো মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি ঈদ উদযাপন করছেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী, রৌমারীসহ পাঁচ উপজেলার ছয়টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে এসব এলাকায় উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

বগুড়া: বগুড়ার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। শুক্রবার সকালে জেলার গাবতলী, ধুনট ও সোনাতলা উপজেলার পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে নারী ও শিশুসহ অন্তত দেড় শতাধিক মুসল্লি অংশ নেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করেছে। শুক্রবার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর: দিনাজপুরের ৬টি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। শুক্রবার জেলা শহরের চারুবাবুর মোড় পার্টি সেন্টারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকায় সাইতারা, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রামে, ১৩ মাইল এলাকায়, বোচাগঞ্জে, বিরল উপজেলার বনগাঁ জামে মসজিদে ও বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠে ও খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ভোলা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলায় ঈদুল ফিতর উদযাপন করছেন ভোলার সাত উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। জেলার সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবর শরীফ অনুসারীরা ঈদের নামাজ পড়েন।

শরীয়তপুর: শরীয়তপুরে অন্তত ৩০টি গ্রামের সুরেশ্বরীর (রহ.) ভক্ত-অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার সকালে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের মাঠে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এতে প্রায় ২০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় একটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পুরুষ ও নারীসহ জামাতে অংশ নেয় প্রায় ৬০ জন মুসল্লি।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে কয়েকটি গ্রামের কিছু মুসল্লি। সকাল সাড়ে ১০ টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার ছাদে নামাজ আদায় করেন।

শেরপুর: শেরপুরের ৭টি গ্রামের কিছু মুসুল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করেন তারা। প্রতিটি জামাতে শতাধিক করে মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি নারী মুসুল্লিরাও পর্দার আড়ালে নামাজ আদায় করেন।

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার প্রায় শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন আজ। নামাজের ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

পিরোজপুর: পিরোজপুরের তিন উপজেলার ১০ গ্রামের ৮ শতাধিক পরিবার শুক্রবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ‎প্রতিবছর পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে, মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল-আমি মসজিদে এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খন্দকার বাড়িতে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এনএনবাংলা/