Friday, March 20th, 2026, 5:00 pm

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, ঐক্যবদ্ধ হয়ে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

ছবি: পিএম অফিস

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে এই উৎসব মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই সাধনার মাধ্যমে মানুষ আত্মসংযমী হয় এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখে, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

তারেক রহমান বলেন, রমজানের এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি দেশবাসীকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বাণীর শেষে তিনি মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

এনএনবাংলা/