জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ঝুঁকিপূর্ণ ড্রাম ব্রিজ ধসে পড়ে ব্রহ্মপুত্র নদে শতাধিক মানুষ পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২) এবং ডাকাতিয়াপাড়া এলাকার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক ভিড় জমে। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তা সংস্কার করা হয়নি। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ করেই ব্রিজটি ধসে পড়ে।
এ সময় ব্রিজে অবস্থানরত শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
শাকিব খানের ‘প্রিন্স’ প্রদর্শনে বিশৃঙ্খলা: সার্ভার জটিলতায় শো বাতিল, ক্ষোভে ভাঙচুর
ভারতে গ্যাস-সংকটে রান্না বন্ধ, দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা
ফরিদপুরে ঈদের নামাজ শেষে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০